দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল বিক্রির অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি সিমকার্ড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩০) উপজেলার ক্ষিদ্রলক্ষীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার কানপাড়া (মধ্যপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় ।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল জানতে পারে আমিনুল দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে প্রাণঘাতী ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিলেন।
এমন তথ্যের ভিক্তিতে উপজেলার কানপাড়া এলাকায় অভিযানে চালিয়ে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রেতারকৃত আসামির বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।