নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ শে জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকায় স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে ১১ দলের উদ্যোগে আয়োজিত গণ-অভ্যুত্থানের প্রত্যাশা,প্রাপ্তি ও করনীয় শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি।
জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও জুলাই শহীদ আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান মাহতাবি সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছর ধরে শত শত জুলুম নির্যাতনের ফল এই জুলাই গণ-অভ্যুত্থান। জনগনের সাথে তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজারো শহীদের সাথে বেঈমানী করা হবে। দেশের মানুষ কখনোই তা মেনে নিবে না বলে দাবী করেন তারা।
তারা আরো বলেন, আমাদের কন্ঠ বর্তমান সরকারের বিরুদ্ধে না, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ন্যায় কাজ করছে তাদের বরুদ্ধে। ফলে যারাই এধরনের কাজ করবে জনগণ তাদেরকে অতীত সরকারের মত বিদায় করবে।