নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
মন্ত্রীসভায় স্থান পেয়েছেন নাটোর-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ খবরে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ব্যান্ডপার্টি বাজিয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুটির দায়িত্ব পান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু।
আরো শুভেচ্ছা জানান, এ্যাড. আলহ্বাজ মো: আবুল কালাম আজাদ চৌধূরী, সরকারী কৌশুলী (জিপি) জজ কোর্ট নাটোর জেলা।
উল্লেখ্য, ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়দের আশা, পিতার রাজনৈতিক ঐতিহ্য ধারণ করে নতুন দায়িত্বে ফারজানা শারমিন পুতুল এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।