ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর শক্তিশালী বিমান হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এর কারণ হিসেবে তিনি লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর সশস্ত্র গোষ্ঠীটির আক্রমণের কথা বলেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে লিখেছেন, “ইরানের অর্থায়নে হুতি দুর্বৃত্তরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও মিত্রদের নিশানা করেছে।
“তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং জীবনকে ঝুঁকিতে ফেলেছে।”
হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় সাগরে জাহাজ নিশানা করে আক্রমণ চালিয়ে আসছিল হুতি। গোষ্ঠীটি এখন বলেছে, তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে।
সৌদি আরবের সীমান্তবর্তী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সানা ও উত্তরাঞ্চলীয় সাদাহ প্রদেশে শনিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে হুতিরা। সাদাহয় বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি রয়েছে।
বিবিসি লিখেছে, ইরান সমর্থিত এ বিদ্রোহী গোষ্ঠীকে শত্রু হিসেবে দেখে ইসরায়েল। ওই সশস্ত্র গোষ্ঠী সানা এবং ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে। তবে দেশটির সেই সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।