নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, একটি দেশকে মেরুদন্ড ধ্বংস করতে এবং পরনির্ভরশীল করতে যা যা করা দরকার তার সব করে গিয়েছে পুরনো ফ্যাসিবাদী সরকার।
শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলে।
ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৮ কোটি জনগণের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ নাম রাষ্ট্রটিকে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। এই জায়গা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার দিনরাত কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, অনেকে বলে আমাদের এই সরকারের অল্প দিনে কি অর্জন রয়েছে। আমরা বলতে চাই এ সরকারের সবচেয়ে বড় অর্জন রাজনীতি থেকে বিএনপি প্রতিহিংসা বের করে নিয়ে এসেছে। কেননা আওয়ামী লীগ একসময় বলতো যে তাদের পতন হলে লক্ষ লক্ষ মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে। অথচ আমরাই ৫ আগস্টের পরে তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছি যাতে কোন লাশ না পড়ে।
পুতুল বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোন প্রতিহিংসার পথ বেছে নেয়নি। কেউ বলতে পারবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে একটি প্রতিহিংসা মূলক মন্তব্য বের হয়েছে।
এ সময় নাটোর ৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতসহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ও গণমাধ্যম কমীরা এসময় উপস্থিত ছিলেন।