দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর সহ অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পুরানতাহেরপুর উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী তানভীর (১৮), সিজান (১৮) ও রাফিউল ইসলাম (১৮)।
জানাগেছে, দুর্গাপুরের বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে কয়েকদিন পূর্বে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং কানপাড়া উচ্চ বিদ্যালয়-এর কিছু শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে আবারও দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কানপাড়া স্কুলের শিক্ষার্থীদের ডেকে এনে বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও কানপাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন সড়কে অবস্থান নেয়। এ সময় কানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ধাওয়া দিলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর পুরান তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এসময় বখতিয়ারপুর পশ্চিমপাড়া বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্রই হামলা করে অটোরিকশা ভাঙচুর করে ও সাতজনকে মারপিট করে আহত করে। এর মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিলেও তিনজনকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।